নিজস্ব সংবাদদাতা, নীলফামারী; জেলায় মা, ছেলে ও দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন করে সাতজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন শুক্রবার রাতে নতুন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত সাতজনের মধ্যে জেলার ডোমারে মা (৫৭), ছেলে (৩০) ও এক স্বাস্থ্যকর্মী (৪৫), সৈয়দপুর হাসপাতাল এলাকার ৪০ ও ৪৫ বছর বয়সী দু’জন, জলঢাকার মীরগঞ্জহাট এলাকার চা দোকানদার (৩০) এবং কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালের এক ভ্যাকসিন ক্যারিয়ার (৪০) রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় আট হাজার ৫৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬০ হাজার ৫১২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮৮২ জন। গতকাল সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২৪২ জন।
আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ
