নোয়াখালী সংবাদদাতা; জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদের একজন সাবেক চেয়ারম্যান (৬৫)।
ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৭৪ জনে।
- আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২০) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। সেখান থেকে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৪৫ জন, বেগমগঞ্জে ১ জন, সোনাইমুড়ীতে ৭ জন, চাটখিলে ১২ জন, কোম্পানীগঞ্জে ৫ ও কবিরহাট উপজেলায় ৩ জন রোগী রয়েছেন।
জেলায় মোট আক্রান্তর ১১৭৪ জনের মধ্যে সদরে ৩৪১ জন, সুবর্ণচরে ৩৪ জন, হাতিয়ায় ৯ জন, বেগমগঞ্জে ৪৮১ জন, সোনাইমুড়ীতে ৬২ জন, চাটখিলে ৮৩ জন, সেনবাগে ৬৭ জন, কোম্পানীগঞ্জে ১৪ ও কবিরহাটে ৮৩ জন।
- নোয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ও করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও সিভিল সার্জন কার্যালয় থেকে ৪৫ জন দেখিয়েছে। আক্রান্তদের মধ্যে ডাচবাংলা ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছেন। তাদের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, উপজেলা নতুন আক্রান্ত ১ জন। আজ সকালে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় মিরওয়ারিশপুর ইউনিয়নের সাবেক একজন চেয়ারম্যান নিজ বাড়িতে মারা গেছেন। গত ৪ জুন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনো পর্যন্ত তার ফলাফল আসেনি। ফলাফল আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৮ জন।
