ডেস্ক রিপোর্ট;  দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় ফের লকডাউন করা হয়েছে নোয়াখালী জেলা। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন থেকে এক গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আজ শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন কার্যকর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি তন্মম দাস। তিনি বলেন, ‘বেগমগঞ্জ, সদর, সোনাইমুড়িসহ বিভিন্ন উপজেলায় দিন দিন করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। এই অবস্থায় নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুরোধে পুরো জেলা লকডাউন করে দেওয়া হয়। আজ শুক্রবার সকাল ৬টা থেকে তা কার্যকর করা হয়েছে।’ এ ছাড়া জরুরি পরিষেবা বাদে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জেলা প্রশাসন থেকে জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশনা দেওয়া হলেও তা মানছেন না জেলার ব্যবসায়ীরা। তার উপর প্রতিদিনই করোনা রোগী বেড়ে চলেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী প্রশাসনকে পুরো জেলা লকডাউনের অনুরোধ করেন।

সে মোতাবেক পুরো জেলা লকডাউন করে দেওয়া হয়। এ ছাড়া জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে ফার্মেসিসহ অন্যান্য পরিষেবা চালু থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

জেলা প্রশাসক তন্ময়  জানান, লকডাউন কার্যকর করতে পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে আছেন। পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। চলছে মাইকিং ও পুলিশি টহল।

উল্লেখ্য, এর আগে ১১ এপ্রিল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সিমিত আকারে লকডাউন তুলে নেওয়া হয়। ইতোমধ্যে জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় আট হাজার ৫৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬০ হাজার ৫১২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮৮২ জন।  গতকাল সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২৪২ জন

আমাদের বাণী ডট/১৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।