নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী; শরীরে জ্বর থাকায় করোনা সন্দেহে এক নারীকে ঘর থেকে বের করে দিয়েছেন তার স্বজনরা। অসহায় ওই নারীর এখন ঠাঁই হয়েছে রাস্তায়। সেখানেই তিনি খোলা আকাশের নিচে কাতরাচ্ছেন। ঘরছাড়া ওই নারীর নাম রেনিস বেগম মালা (৪২)।
গতকাল রবিবার (২৯ মার্চ ২০২০) রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
রেনিস বেগম মালা উপজেলার সদর ইউনিয়নের উনিশ নম্বর গ্রামের মৃত নূর হোসেন হাওলাদারের মেয়ে। তিনি ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়ায় থাকেন বলে জানা গেছে। এক সপ্তাহ আগে রেনিস ঢাকা থেকে রাঙ্গাবালী এসে উনিশ নম্বর গ্রামের সৎভাই জসিম হাওলাদারের বাড়িতে ঠাঁই নেন। কিন্তু কয়েক দিন ধরে রেনিস জ্বরে ভুগছেন।
গতকাল রবিবার রাতে রেনিসের স্বজন ও স্থানীয় কয়েকজন তাকে ঘর থেকে বের করে দেন। এর পর থেকে খালগোড়া বাজারের চৌরাস্তায় গিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তিনি।
খালগোড়া বাজারের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রাত ৮টার দিকে চৌরাস্তায় একটি দোকানের সামনে রেনিস নামে এক নারী অসুস্থ অবস্থায় এসে আশ্রয় নেন। সেখানে তিনি কাতরাচ্ছিলেন। তাদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন। রেনিসের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে তিনি স্বামী পরিত্যক্তা। স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জনে এবং মৃতের সংখ্যা ৫। তবে প্রাণঘাতি এই ভাইরাস সন্দেহ সারাদেশেই নাজেহাল অবস্থায় পড়েছে জ্বর কাশি জনিত সাধারণ রোগীরা। পদে পদে বিভ্রান্তি এ হাসপাতাল থেকে ও হাসপাতাল জ্বর ঠান্ডা কাশি হলে যেন তার রেহাই নেই।
আমাদের বাণী ডট কম/৩০ মার্চ ২০২০/সিএ
