নিজস্ব সংবাদদাতা, ঢাক; বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আতঙ্ক দেখা গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আর এই আতঙ্কে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এ পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকের কর্মকর্তা ও শিক্ষকদের পরিস্থিতি মোকাবেলায় কয়েক দফা নির্দেশনা দেয়া হয়েছে।
আজ বুধবার (১১ মার্চ ২০২০) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। একই সাথে কোভিড-১৯ মোকাবেলায় সন্দেহভাজন রোগীর জন্য করণীয় তুলে ধরা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, সরকার ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও আক্রান্ত রোগীর চিকিৎসার্থে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ভাইরাস সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। অধিদপ্তরের সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এ পরিস্থিতি সতর্ক থেকে আইসিডিডিআরের পরামর্শ ও নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হল।

একই সাথে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে প্রকাশিত করোনা ভাইরাসের তথ্য সম্বলিত নির্দেশনা ও পরামর্শ অনুসরণের করতে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/১১ মার্চ ২০২০/টুএ
