নিজস্ব সংবাদদাতা, রংপুর ; দেশব্যাপী করোনা ভাইরাসের প্রকপে ও এই ভাইরাসের কারণে দু:স্থ মানুষদের সাহায্যের জন্য প্রাথমিক শিক্ষকদের বৈশাখী ভাতার প্রাপ্ত অংশের ২০% অর্থ সংগ্রহ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) এর হিসাবের অনুকূলে জমাদান করে জমা রশিদসহ প্রতিবেদন জরুরিভিত্তিতে প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো ফসিউল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) রংপুর বিভাগীয় উপপরিচালকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই টাকা দেয়ার আদেশ দেয়া হয়েছে। একইসঙ্গে স্বেচ্ছায় এই টাকা করোনা মোকাবেলার তহবিলে দান করছেন তারা। অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতা, কর্মচারীদের সংগঠন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনায় বৈশাখী ভাতার ২০ শতাংশ টাকা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায় থেকে অর্থ সংগ্রহ শুরু হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো ফসিউল্লাহ জানিয়েছেন, দেশের এই অবস্থায় জাতির পাশে দাঁড়াচ্ছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। দুস্থ মানুষের সহায়তায় বৈশাখী ভাতার টাকার ২০ শতাংশ প্রধানমন্ত্রীর তহবিলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনেকে বৈশাখী ভাতার ২০ শতাংশের বেশি দিতে চাচ্ছেন। তাদের ইচ্ছাও বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, ২০২০ সালে অধিদপ্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নববর্ষ বা বৈশাখী উৎসব ভাতা বাবদ টাকা ছাড় হয়েছে। সারা দেশের প্রাথমিকের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ ১২০ কোটি টাকা ছাড় করা হয়েছে। তাই বৈশাখী ভাতার ২০ শতাংশ হিসেবে ২৪ কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দান করা সম্ভব হবে।
রংপুর বিভাগীয় উপপরিচালকের জারি করা বিজ্ঞপ্তি;

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে কারও প্রাণহানি হয়নি। ফলে দেশব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা যা ছিল তাই আছে। মোট মৃত ৬ জন। আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) দুপুর ১২ টায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।
আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ
