ঝিনাইদহে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’ উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মল্লিকা কুন্ডু। তিনি ২০০৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স পাশ করেন। তার স্বামী বিধান চন্দ্র কুন্ডু ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক।

নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি মল্লিকা বিদ্যালয়ের অনুপস্থিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য ছুটির পরে আলাদা করে সময় দেন। এমনকি তাদের বাড়ি গিয়ে খোঁজ খবর নেন। এছাড়াও তিনি সহশিক্ষা ক্রমিক কার্যাবলী, বাগান তৈরি ও সংরক্ষণ করে থাকেন। সর্বোপরী তিনি বিদ্যালয়ের প্রতিটি কাজে খুবই আন্তরিক।

এদিকে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ১০ ক্যাটাগরির মধ্যে সহকারি শিক্ষিকা নির্বাচিত হওয়ায় বুধবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সাথে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে মল্লিকা কুন্ডু সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা শুভ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুধাংশু শেখর বিশ্বাস প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।