নিজস্ব সংবাদদাতা, ঢাকা; সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২০) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের চলতি মাসে অনুষ্ঠিতব্য প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, অনেক মাধ্যমে প্রচার করা হচ্ছে, এ পরীক্ষা বাতিল করা হয়েছে। এটি বাতিল নয়; স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সুযোগ মতো এ পরীক্ষা নেয়া হবে।
মো. ফসিউল্লাহ বলেন, দেশের অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো প্রাথমিক বিদ্যালয়গুলোও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এ বন্ধ আরো বাড়তেও পারে। আর যদি ১৫ এপ্রিল বিদ্যালয় খোলেও ওই দিনেই পরীক্ষা শুরু করা সম্ভব নয়। কারণ পরীক্ষার যে সিলেবাস, সেটি এখনও শেষ হয়নি। এছাড়া পরীক্ষার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের কেউই প্রস্তুত নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সিলেবাসের আকার ছোট করে এনে পরবর্তী সময়ে এ পরীক্ষা নেয়া হবে।’
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৮৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে সাড়ে ১৫ লাখ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ৩৩০ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২১ জন। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকারের দিকে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংক্রমণ দিনে দিনে দিগুনের বেশি আক্রান্ত হওয়ায় ও মৃতের সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত টানা দুই মাস বন্ধের পরিকল্পনা করেছে সরকার। এই বন্ধ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও দুই একদিনের মধ্যে এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সরকারের শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বদোন কর্তৃপক্ষ।
আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি
