এবার প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুখবর দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে তিনি মন্তব্য করেন গোটা পৃথিবী পরিবর্তন করতে মা, বাবা ও শিক্ষক-এ তিনজন মানুষই যথেষ্ট।

বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ২১তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে পদকজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন কথা জানান।

এসময় প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে রোবোটিকস ল্যাব স্থাপন করা হবে। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়েও আমরা এই প্রোগ্রামিং ও আইসিটি বিষয়কে নিয়ে যেতে চাই। প্রাথমিকে এই আইসিটি প্রোগ্রামিং বিষয় চালু হলে আমাদের শিক্ষকসহ কোমলমতী শিক্ষার্থীরাও আধুনিক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে।

গত ১১ বছরে আমরা আট হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। আগামী পাঁচ বছরে আরও ২০ হাজার ল্যাব স্থাপন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য ২০৪১ খ্রিষ্টাব্দের টার্গেট সামনে রেখে পদ্মা সেতুর ওপারে ৭০ একর জায়গার ওপর শেখ হাসিনা ইনস্টিটিউট ফ্রন্টিয়ার টেকনোলজি তৈরি করা হচ্ছে। যেখানে ছাত্রছাত্রীরা আধুনিক সব প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর বিশ্বের কাছে অবহেলার পাত্র নয়। তাই আমাদের ছেলেমেয়েরা অর্থের অভাবে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে, এটা হতে পারে না। আমরা সরকারের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা করব।

জাতির পিতা বঙ্গবন্ধুর কথা উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে আমাদের সোনার মানুষ প্রয়োজন। আমার মনে হয়, আজকে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ে তোলার জন্য সুযোগ্য মানুষগুলো গড়ে উঠছে। যারা বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে।

মা-বাবা ও শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে পলক বলেন, পৃথিবীকে পরিবর্তন করতে হলে মা, বাবা ও শিক্ষক—এই তিনজন লোকই যথেষ্ট। তাই আমি যারা আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে দেশের জন্য গৌরব অর্জন করে এনেছে, তাদেরসহ সব শিক্ষার্থীর মা, বাবা এবং শিক্ষকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

আলোচনা পর্ব শেষে আন্তর্জাতিক অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী পদকজয়ীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন।

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীরা চারটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক জয় করেছে এবং থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে একটি স্বর্ণ, দুটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ ও একটি কারিগরি পদক জয় করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।