ফেনী সংবাদদাতা; করোনা উপসর্গ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।
আজ মঙ্গলবার (১৬ জুন ২০২০) ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানা যায়, দুপুরে ৭০ বছরের এক নারী আইসোলেশনে মৃত্যুবরণ করে। শহরের বিরিঞ্চি নিবাসী ওই নারী বেলা ১২টা নাগাদ হাসপাতালে ভর্তি হন।
- একইদিন বিকেল সাড়ে ৪টায় ৮৫ বছরের এক ব্যক্তি মারা যান। মৃত্যুর প্রায় ঘণ্টাখানেক আগে তিনি হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি শহরের পূর্ব মধুপুরে। মৃত্যুর পরপর করোনা পরীক্ষার জন্য তাদের দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁইয়া।
তিনি আরও জানান, বিকেলে আইসোলেশন ওয়ার্ডে চৌদ্দগ্রামের এক নারীর (২০) মৃত্যু হয়। ১০ জুন এ রোগী হাসপাতালে তীব্র জ্বর নিয়ে ভর্তি হয়। ১১ জুন তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
- তিনজনই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন বলেও জানান আরএমও।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৬ জুন ২০২০) তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮৬২ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।
আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম
