নিজস্ব সংবাদদাতা, ফেনী; জেলার সদর উপজেলার পশ্চিম ছনুয়ায় শ্বাসকষ্ট নিয়ে রিপন মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পারিবারিকসূত্রে জানা যায়, মৃত যুবকের জ্বর, শর্দি ও তীব্র শ্বাসকষ্ট ছিল।
আজ বুধবার (০১ এপ্রিল ২০২০) বুধবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন। রিপনের মৃত্যুর সংবাদে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন জানান, মৃতের গলা ও নাক হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।করোনাভাইরাস সংক্রমণ রয়েছে কিনা পরীক্ষার জন্য আলামত চট্টগ্রামের সীতাকুণ উপজেলার ফৌজদারিহাট বিশেষায়িত হাসপাতল বাংলাদেশ ইনিস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) এ পাঠানো হচ্ছে।
সস্বাস্থ্য বিভাগ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪-৫ দিন আগে ওই যুবকের জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। সোমবার তার স্বজনরা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে অবস্থানের পরামর্শ দেন।
আরও পড়ুন; ঢাকা মেডিকেলে আইসোলেশনে থাকা ২ জনের মৃত্যু
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ ২০২০) রাত থেকে যুবকের শ্বাসকষ্ট বেড়ে আজ বুধবার দুপুরে তার মৃত্যু হয়। রিপন শহরের সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন।
এ বিষয়ে প্রতিবেশি ও স্থানীয় ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক জাফর উদ্দিন জানান, ছোট বেলা থেকেই ওই যুবকের শ্বাসকষ্ট ছিলো। গত কয়েকদিন জ্বরের সাথে শ্বাসকষ্টে ভুগছেন বলে আমরা শুনেছি।
জানতে চাইলে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর হায়দার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তার পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে।\
উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। ভাইরাসটি থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও একজন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।
আমাদের বাণী ডট কম/০১ এপ্রিল ২০২০/ফেপিএ
