নিজস্ব সংবাদদাতা, বগুড়া; জেলায় বিদেশফেরত ১ হাজার ২৯০ জন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০)  সকালে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসকের কার্যালয়ে  অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিসি জানান, বিদেশফেরত ১ হাজার ২৯০ জনকে খুঁজে বের করতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ জেলায় মাত্র ৯৭৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা সম্ভব হয়েছে। বাকি ৫৭ শতাংশেরই কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, ‘যারা নিজেদের আড়াল করে রেখেছেন তাদেরকে যেকোনো মূল্যে খুঁজে বের করে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে। এজন্য ইউনিয়ন পরিষদের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।’

তিনি আরও জানান, গত ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বিদেশ থেকে বগুড়ার ২ হাজার ২৬৬ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৯৭৬ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়। অবশ্য পরে ৩১৩ জনের ১৪ দিন বাড়িতে অবস্থানের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

আগামী ১১ এপ্রিল পর্যন্ত সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়ে ফয়েজ আহাম্মদ বলেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া আপনারা কেউ বাড়ির বাইরে আসবেন না। এরই মধ্যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। যারা অযথা বাড়ির বাইরে আসবেন তাদের বিরুদ্ধে জনগণের স্বার্থেই আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনায় বেসামাল বিশ্ব। থেমে নেই বাংলাদেশও প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। লাশের সংখ্যাও বাড়ছে। মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। ব্রিফিংয়ে ডা. মো. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।

আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।