নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ; নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কার্যালয় সন্নিকটে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার উদ্বোধন করা হয়।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২০) বেলা ১১ টায় ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক শিপ্রা ম-ল এই পাঠাগার উদ্বোধন করেন।
উদ্বোধনের পরে পাঠাগারে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্র্রীয় কমিটির সাধারণ সম্পাদক নারীনেত্রী শম্পা বসু, বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের নির্বাহী সদস্য আবু নাঈম খান বিপ্লব, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক কবি রঘু অভিজিৎ রায়, কবি রইস মুকুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, বন্দর শাখার সংগঠক মুন্নি সরদার, মুক্তিযোদ্ধা মোশাররফ খান, এলাকাবাসি মুকুল, রানা।
বক্তাগণ বলেন, আমাদের সমাজে চরম অবক্ষয় চলছে। হত্যা, ধর্ষণ, মাদক মহামারী রূপ নিয়েছে। ব্যাপকভাবে চলছে অপসংস্কৃতি-অশ্লীলতা। শিশু-কিশোর, তরুণ-যুবক সকলেই এসবে আক্রান্ত। এসবের হাত থেকে তরুণ-যুবক তথা সমাজকে রক্ষায় পাঠাগার আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাঠাগারের মাধ্যমে মনীষীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলে ছেলেমেয়েদের আদর্শবাদী নৈতিক মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব।
পাঠাগারের নামকরণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার করার মধ্য দিয়ে শিশু-কিশোর, তরুণ-যুবকদের মধ্যে কবি নজরুলের জীবন সংগ্রাম, সৃষ্টি পরিচিত করা যাবে। বক্তাগণ পাঠাগার আন্দোলন এগিয়ে নেয়ার জন্য সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান।
