ডেস্ক রিপোর্ট, ঢাকা; আগামী রবিবার (৩১ মে ২০২০) থেকে সীমিত পরিসরে অফিস চালুর পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।
সড়ক পরিবহন ও লঞ্চের সঙ্গে সম্পৃক্তরা এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, বাস ও লঞ্চ ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেয়া হবে। অর্ধেক বাস ও লঞ্চ খালি রাখার শর্তে বাড়তি ভাড়ার দাবি তুলেছেন মালিকরা।
বিআরটিএ সূত্রে জানা গেছে, রবিবার থেকে দূরপাল্লার বাসও চলবে। রাতে ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা থাকলেও নৈশকালীন বাসও চলবে।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, সরকার যেভাবে নির্দেশনা দেবে মালিকরা সেভাবেই বাস চালাবে। তবে যদি আসন সংখ্যার অর্ধেক খালি রাখতে হয়, তাহলে বিদ্যমান ভাড়ায় বাস পরিচালনা সম্ভব নয়।
দেশের স্বার্থে মালিকরা দুই মাস বাস বন্ধ রেখেছেন। এখনো যদি তারা মুনাফা করতে না পারেন তাহলে বাস চালাবেন কী করে? ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ কমিটি আছে। তারাই ঠিক করুক, কত ভাড়া হওয়া উচিত।
তবে একাধিক বাস মালিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দূরপাল্লা ও নগর পরিবহন উভয় ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দেবেন তারা।
এদিকে, করোনার কারণে নৌপথে স্বাস্থ্যবিধি মানতে হলে খরচ পুষিয়ে নিতে ভাড়া বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব করবে লঞ্চ মালিকরা।
লঞ্চমালিকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে ধারণ ক্ষমতার ৫০ বা ৬০ ভাগ যাত্রী পরিবহন করতে হবে। এতে মালিকদের আয় আগের চেয়ে কমবে, তাই লঞ্চ ভাড়া বৃদ্ধি করতে হবে।
স্বাঅধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৯ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।’ ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। সুস্থ হয়েছে ৫৯০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/২৯ মে ২০২০/সিসিপি স্থ্য
