নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ; জেলার ভালুকা উপজেলায় জঙ্গল থেকে হেনা আক্তার (৪১) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (০১ মার্চ ২০২০) সকালে উপজেলার মেদুয়ারী গ্রামে নিহতের বড় মেয়ে মিলি আক্তারের শ্বশুরবাড়ির পাশে কুমাড়কাটা জঙ্গল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামের রফিকুল ইসলাম রবির স্ত্রী হেনা আক্তার। তিনি শনিবার দুপুরে একই গ্রামের কুমাড়কাটা পাড়ায় মেয়ের শ্বশুরবাড়িতে যান। রাতে মেয়ের শাশুড়ি সমলা আক্তার (৬০) ও নাতি শ্রাবনীকে (৭) নিয়ে পাশের রুমে ঘুমাতে যান। রোববার ভোরে হেনা আক্তারকে ঘরে না পেয়ে পরিবার ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের জঙ্গলে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিহতের মেয়ে মিলি আক্তার বলেন, তার মা শনিবার দুপুরে তার বাড়িতে বেড়াতে আসে। তিনি রাতে তার শাশুড়ি ও মেয়ের সাথে ঘুমাতে যান। রাতের কোনো একসময় তার মা দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, হেনা আক্তার আট মাস আগে স্বামী আব্দুল মতিনকে ডিভোর্স দিয়ে ননদের জামাই রফিকুল ইসলাম রবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তারা বিভিন্নস্থানে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন।

জানতে চাইলে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, লাশটি গলাকাটা অবস্থায় একটি জঙ্গল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যারহস্য উৎঘাটনের জন্য পুলিশ ও সিআইডি এ ব্যাপারে তদন্ত করছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

আমাদের বাণী ডট কম/০১ মার্চ ২০২০/এএন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।