নিজস্ব সংবাদদাতা, মাগুরা; জেলার  মহম্মদপুরের ফুলবাড়ি গ্রামে আম পাড়া নিয়ে লাঠিপেটায় আব্দুর রহিম শেখ নামে এক কৃষক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (০৮ মে ২০২০) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছেলে ইয়ামিন শেখ আহত হয় বলে জানা যায়। নিহত রহিম শেখ ফুলবাড়ি গ্রামের মৃত দবির শেখের ছেলে।

নিহতের ছেলে ইয়ামিন শেখ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে ফুলবাড়ি গ্রামের কাশেম শেখের ছেলে ইসমাঈল শেখ ও নয়ন শেখ নামে দুই সহোদর আব্দুর রহিম শেখের বাড়ির গাছের আম পাড়ে। এতে বাড়ির দুইজন নারী নিষেধ করলে ঐ দুইজন উত্তেজিত হয়ে গালিগালাজ করে এবং মারপিট করতে উদ্যত হয়। পরে ওই দুই নারী পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেয়।

এরপর বাড়িতে পুরুষ লোক আসলে বিষয়টি তাদের জানানো হয়। পরে রহিম ও তার ছেলে ইয়ামিন এ বিষয় নিয়ে ইসমাঈল শেখ ও নয়ন শেখের কাছে শুনতে গেলে তারা লাঠিপেটা শুরু করে। এতে আব্দুর রহিম গুরুতর আহত হলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক গোলাম রসুল তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের বাণী ডট/০৮ মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।