নিজস্ব সংবাদদাতা, গাজীপুর; নতুন করে পোশাক কারখানার আরও তিনজন শ্রমিক করোনাভাইারাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১০ জন পোশাকশ্রমিক কোভিড-১৯ আক্রান্ত হলেন।
আক্রান্ত শ্রমিকরা জেলার বিভিন্ন এলাকার সাতটি পোশাক কারখানায় কাজ করতেন। বর্তমানে তারা হাসপাতাল ও হোম আইসোলেশনে রয়েছেন।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন সাংবাদিকদের জানান, কোভিড-১৯ শনাক্ত ছয় পোশাক শ্রমিক হোম আইসোলেশনে রয়েছেন। তাদের মধ্যে দুজনের ময়মনসিংহে অবস্থানকালে নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়। পরে তারা ওই অবস্থায় গাজীপুরে চলে আসেন। বাকি চারজন গত ২২ এপ্রিল সুনামগঞ্জ জেলায় নমুনা পরীক্ষা করান। পরে ৫ মে তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
মোহাম্মদ শাহীন আরও জানান, সুনামগঞ্জের চারজন গাজীপুরের যে দুটি কারখানায় তিনদিন কাজ করেছেন, তাদের সংস্পর্শে আসা শ্রমিকদের নামের তালিকা বৃহস্পতিবার কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। পরে তাদেরও নমুনা সংগ্রহ করা হবে। আর এ চারজন বর্তমানে যে বাড়িতে অবস্থান করছেন ওই বাড়ির আরও ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, শুক্রবার পর্যন্ত গাজীপুরে সাত পোশাক কারখানার ১০ জন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৬ এপ্রিল প্রথম জয়পুরহাট জেলার এক পোশাক শ্রমিক আক্রান্ত হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১ মে নওগাঁ জেলার এক শ্রমিককে টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে, ২ মে রংপুর জেলার একজন ও ৬ মে লালমনিরহাট জেলার এক শ্রমিককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আরও ছয় আক্রান্ত শ্রমিক হোম আইসোলেশনে রয়েছেন।
এদিকে, আজ সকালে জেলার কালীগঞ্জ উপজেলার ভাতার্দী দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়িতে শ্বাসকষ্ট ও সর্দিসহ নানা উপসর্গ নিয়ে ৫০ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে যক্ষ্মারোগে ভুগছিলেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় আরও দুইজনের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। এ নিয়ে জেলায় মোট ৩৩৮ জন করোনায় আক্রান্ত হলেন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৮ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ১১ হাজার ৪৫৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও সাতজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২০৬-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯১ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ১০১ জন।
আমাদের বাণী ডট/০৮ মে ২০২০/পিবিএ
