নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল; জেলার মির্জাপুরে ড্রামট্রাক, প্রাইভেটকার ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আজ সোমবার (০৯ মার্চ ২০২০) সকাল ১০টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল বটতলা এলাকার গোড়াই-সখিপুর রোডে এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে ২ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সকলেই আজগানা ইউনিয়নের বাসন্দা ছিলেন। এ ঘটনায় প্রাইভেটকার ও সিএনজি দুমড়ে মুচড়ে যায়।
নিহতরা হলেন, আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের মৃত নওশের উদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন (৫৫) ও তার মেয়ে রুনা আক্তার (২৩), একই গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে সুনাম উদ্দিন (৬৫), হাসেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (১০) এরা দুজন সম্পর্কে নানা নাতি হয় এবং একই ইউনিয়নের ঘাগড়াই গ্রামের আ. জলিলের ছেলে জাকির হোসেন (৪০) ও সিএনজি চালক ঘাগড়াই গ্রামের খলিলুর রহমানের ছেলে হৃদয় (২০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজগানা ইউনিয়নের সদস্য মো. শফিকুল ইসলাম জানান, গোড়াইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া সিএনজি ও বাঁশতেলের দিকে রওনা হওয়া ড্রামট্রাকটি উপজেলার ঐ স্থানে পৌঁছালে সামনে থাকা আর একটি ড্রামট্রাককে অতিক্রম করতে না পারলে ড্রামট্রাক, প্রাইভেটকার ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে, এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে হাফিজ উদ্দিন ও রুনা আক্তারের (২জন) মৃত্যু হয় তারা সম্পর্কে বাবা মেয়ে এবং কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন নামের আর এক ব্যক্তির মৃত্যু হয়। এদিকে কুড়াতলী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আনোয়ার (৪০) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, এ ঘটনায় ড্রামট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।
আমাদের বাণী ডট কম/০৯ মার্চ ২০২০/টিপি
