মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা;  জেলার হরিপুর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রভাত চন্দ্র নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী হরিপুর উপজেলার বাসিন্দা ও এসএসসি পরীক্ষার্থী।

আজ সোমবার (১৬ মার্চ ২০২০) দুপুরে ওই ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসী, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বলেন, খুব শীঘ্রই দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

পরবর্তীতে হরিপুর উপজেলা নির্বাহি অফিসার  আব্দুল করিম ও হরিপুর থানার ওসি আমিরুজ্জান বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এসে উত্তেজিত এলাকাবাসী, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণকে আশ্বস্ত করে বলেন, এই ধর্ষকের মত জঘন্য অপরাধের সঙ্গে যারা জড়িত আছে তাদের সবাইকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

উপজেলা পরিষদ চত্বরে ভিকটিমের মা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি তেমন কিছু চাওয়ার নেই। শুধু চাই ধর্ষকের উপযুক্ত বিচার হোক।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জান বলেন, ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার রাতে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। ধর্ষকসহ দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। খুব শীঘ্রই দোষীদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হবো।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, গতকাল রবিবার সকালে ওই স্কুলছাত্রীকে প্রাইভেট সেন্টারে আসতে মোবাইল করেন শিক্ষক প্রভাত চন্দ্র। স্কুলছাত্রী প্রাইভেট সেন্টারে আসলে প্রভাত চন্দ্র বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে দুপুরের দিকে এলাকাবাসী স্কুলছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। স্কুলছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার্ড করেন।

আমাদের বাণী ডট কম/১৬ মার্চ ২০২০/আর পি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।