বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী এমপিওভুক্ত শিক্ষকরা পরবর্তী শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ পাচ্ছেন। তাঁরা অবসরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ পাবেন। সম্প্রতি শিক্ষা বিষয়ক এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন।
চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ইনডেক্সধারী শিক্ষকরা অবসরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষক নিয়োগে সুপারিশ প্রক্রিয়ায় আবেদনের সুযোগ পাবেন। এ বিষয়ে বিদ্যমান আইনে কোনো বাধা নেই। আইন মতে, ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনে কোনো বয়সসীমা থাকবে না। শুধু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স থাকে।
একবার সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মনে প্রশ্ন একবার শিক্ষক পদে নিয়োগ পেয়ে তারা কি আবারও আবেদন করতে পারবেন। এ বিষয়টি উল্লেখ করে এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, আবেদনের অন্যান্য শর্ত যদি পূরণ করতে পারেন তবে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্তরাও আবেদনের সুযোগ পাবেন। তবে আবেদনের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে।
ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ দিয়ে তৈরি বিধান নিয়ে এস এম আশফাক হুসেন বলেন, এ মুহুর্তে বেসরকারি শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই। তবে, এভাবে শিক্ষক নিয়োগের আবেদনের সুযোগ নিয়ে তারা নিজ জেলা বা কাঙ্খিত এলাকায় আসতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তার দরখাস্ত করার সকল শর্ত পূরণ থাকতে হবে।
