নিজস্ব সংবাদদাতা, ঢাকা; রাজধানীর দারুসসালামে ১৪ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে ছয় যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার (২৯ এপ্রিল ২০২০) রাতে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
মামলা হওয়ার পর এ ঘটনায় জড়িত সন্দেহে সাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ধর্ষণকাণ্ডে সহযোগিতার জন্য রিক্তা নামের এক নারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন জানান, ভুক্তভোগী কিশোরী তার বোনের সঙ্গে দারুসসালাম এলাকার একটি বাসায় থাকতেন। মেয়েটির অভিযোগ, দুদিন আগে ছয় যুবক তাকে তুলে নিয়ে গণধর্ষণ করে। গতকাল সে থানায় মামলা করার পর রাতেই সাকিব নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রিক্তা নামের এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযুক্ত অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এসআই মোফাজ্জল জানান।
আমাদের বাণী ডট কম/৩০ এপ্রিল ২০২০/পিপিএ
