শেখ মামুন, রাজবাড়ী জেলা সংবাদদাতা; জেলার কালুখালী উপজেলার গান্ধিমারা এলাকায় পণ্যবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক ইমরান শেখ নিহত হয়েছে। এ ঘটনায় সেলিম মল্লিক নামে অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছে। বর্তমানে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ শনিবার (১৬ মে ২০২০) সকালে উপজেলার গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার আব্দুল হাই শেখের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, শনিবার সকালে রাজবাড়ী থেকে পাংশা যাচ্ছিল ব্যাটারি চালিত অটোরিকশা। পথে কালুখালি উপজেলার গান্ধিমারা এলাকায় আসলে পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ইরান শেখ মারা যায়।
খবর পেয়ে রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ মরদেহটিকে উদ্ধার করে। আর আহত ব্যক্তিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।
আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ
