
নিজস্ব সংবাদদাতা, রাজশাহী; জেলার চারঘাটে ত্রাণ চাইতে যাওয়ায় রেজিয়া বেগম (৬৫) নামে এক ভিক্ষুককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক মেম্বারের লোকজনের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) সকালে উপজেলার চাঁদপুর কাঁকরামারী ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গত রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি ভাইরাল হয়ে গেলে সবার নজরে আসে। আহত বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
এ ঘটনায় আহত রেজিয়া বেগম বাদী হয়ে অভিযুক্ত নাজমুলসহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন।
এই ঘটনা জানার পর দ্রুত ব্যবস্থা নিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফেসবুকে তিনি লেখেন, ‘এই ন্যাক্কারজনক ঘটনার আসামি নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে, তার স্ত্রী মালেকাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৃদ্ধার সার্বিক দেখভাল আমরা করছি।‘
এদিকে মারধরের শিকার রেজিয়া বেগমের পাশে দাঁড়িয়েছে রাজশাহী জেলা পুলিশ। আজ বুধবার (০৮ এপ্রিল ২০২০) পুলিশ সুপারের নির্দেশে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভুক্তভোগী রেজিয়া বেগমের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু।
আহত বৃদ্ধার ভাগ্নি রিমা জানায়, গতকাল মঙ্গলবার সকালে রেজিয়া বেগম ইউপি সদস্য নৈয়ব আলীর কাছের লোক হিসেবে পরিচিত নাজমুল হকের কাছে যান ত্রাণের স্লিপ চাইতে। এ সময় নাজমুল হক স্লিপ দেননি। উল্টো তার শ্যালক বজলু ও তার পরিবারের সদস্যরা লাঠিসোটা দিয়ে রেজিয়া বেগমকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে এবং অকথ্য ভাষায় গালাগাল করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় রেজিয়া বেগমকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি সেখানেই চিকিৎসাধীন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নৈয়ব আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার অজান্তেই এই ঘটনা ঘটেছে। ঘটনাটি দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানান।
জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ শেষ পর্যন্ত অভিযুক্ত নাজমুলকে গ্রেপ্তার করে। ঘটনায় নাজমুলের স্ত্রী-সহ অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আজ বুধবার সকালে ওই নারীকে হাসপাতালে গিয়ে তার খোঁজ-খবর ও তাকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম
