নিজস্ব সংবাদদাতা, রাজশাহী; জেলার গোদাগাড়ীতে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
নিহতরা হলেন, গোদাগাড়ীর কেল্লাবারইপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী আছিয়া বেগম (৩৫), রাজশাহী নগরীর মুন্নাফের মোড় এলাকার ফজলুর রহমানের ছেলে আক্কাস আলী (৪০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৩৫)। নিহত অপর তিনজনের মধ্যে দু’জন নারী ও দেড় বছরের এক শিশু রয়েছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায় নি।
আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি ২০২০) দুপুরে ১২টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, হতাহত ব্যক্তিরা মাইক্রোবাসে করে রাজশাহী নগরী থেকে গোদাগাড়ীতে একটি বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিল। গোদাগাড়ীর কাজীপুর এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার প্রক্রিয়া চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মাইক্রোবাসে মোট আট জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই তিনজন মারা যায়। বাকি পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ১টা ১৫ মিনিটের দিকে আরও তিনজন মারা যান। আহত বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আমাদের বাণী ডট কম/২৯ ফেব্রুয়ারি ২০২০/বিএ
