ডেস্ক রিপোর্ট, ঢাকা; লক্ষ্মীপুরের রায়পুরের রাখালিয়া গ্রামে এক বাড়ির ১৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। উপজেলার প্রথম করোনা আক্রান্ত কিশোরের (১৩) সংস্পর্শে ছিলেন আক্রান্ত ব্যক্তিরা। এ নিয়ে রায়পুরে আক্রান্তের সংখ্যা ১৮ জন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ পুরো বাড়িটি লকডাউন করে দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৪ মে ওই কিশোরের করোনা পজিটিভ আসে। বুধবার রাতে তার বাড়ির ১২ জন ও বৃহস্পতিবার রাতে ২ জনের পজিটিভ রিপোর্ট আসে। এ ঘটনায় সংস্পর্শে আসা আত্মীয়-স্বজন ও চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ১৪ জনের পজিটিভ আসে। আক্রান্তদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ৮০জন। মোট নমুনা সংগ্রহ ১৮২০, প্রাপ্ত রেজাল্ট ১৫২৭। এদের মধ্যে সদরে ২৫, রামগঞ্জে ১৯, কমলনগর ৮, রামগতি ১০, রায়পুর ১৮জন আক্রান্ত।
ইতোমধ্যে ২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে রামগঞ্জে ২৪ জন, সদরে ১২, কমলনগরে ৩ ও রায়পুরে ১জন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় আট হাজার ৫৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬০ হাজার ৫১২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮৮২ জন। গতকাল সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২৪২ জন
