শহীদ ডা: মিলন দিবস আজ। ১৯৯০ সালের এই দিনে এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা: শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। অবশেষে ছাত্র-গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের স্বৈরশাসনের পতন ঘটে।

সেই থেকে প্রতি বছর শহীদ ডা: মিলন সংসদ ২৭ নভেম্বর গণ-অভ্যুত্থান শহীদ মিলন দিবস হিসেবে পালন করে আসছে। মিলন দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠন।

রাষ্ট্রপতি : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, নতুন প্রজন্ম ডা: মিলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রীতিনীতির চর্চায় নিজেদেরকে নিয়োজিত করবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণতন্ত্রের অগ্রযাত্রাকেও বেগবান করতে হবে। ডা: মিলনসহ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী সব শহীদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা: মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে তখনকার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। অবশেষে স্বৈরশাসকের পদত্যাগের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে যুবলীগ নেতা নূর হোসেন, নূরুল হুদা, বাবুল, ফাত্তাহসহ অগণিত গণতন্ত্রকামী মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার রাজপথ। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হয় ভোট ও ভাতের অধিকার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিায় তাদের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। ডা: শামসুল আলম খান মিলনের ২৯তম মৃত্যুবার্ষিকীতে তার রূহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে ডা. মিলন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। ডা. মিলন দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাসদ এর পক্ষ থেকে ২৭ নভেম্বর ২০১৯ সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন ডা. মিলনের সমাধীতে এবং সকাল ৮-৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডা. মিলন স্মৃতি স্তম্ভ (নিঝুম)-এ পুষ্পমাল্য অর্পণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।