শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে পাঠ্যসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে এবারের বাজেট নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক শিক্ষক এখনো কোনো প্রশিক্ষণ পাননি। প্রশিক্ষণের দিক দিয়ে তারা অনেকখানি পিছিয়ে।’

শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নীতিমালা অনুযায়ী, দেশের সব যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এর একটি তালিকাও করা হয়েছে।’

সিজিপিএ প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা বিশ্বেই জিপিএ’র বিষয়টি সিজিপিএ-৪ স্কেল ধরে করা হয়। আমাদের দেশেও উচ্চ শিক্ষায় (ফল নির্ধারণ) ৪ স্কেলে হয়। শুধু এইচএসসি পর্যন্ত জিপিএ-৫ স্কেল আছে। তাই বিষয়টিকে আমাদের দেশের উচ্চ শিক্ষা ও বিদেশের সাথে একই রকম করার পরিকল্পনা করা হচ্ছে।’

শিক্ষার্থীরা যাতে করে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে না পড়েন তাই এটি করা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ডা. দীপু মনি বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে চাহিদামতো বরাদ্দ মিলেছে। এই নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শুধু শিক্ষার মানোন্নয়নই নয়, এবারের বাজেটে শিক্ষার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের দিকেও লক্ষ রাখা হয়েছে। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন হয়ে পড়েছে। অতীতের চেয়ে বার্ষিক বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে আনুপাতিক হারে। যে কারণে এর মানোন্নয়নে আশানুরূপভাবে কাজ করা যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।