ডেস্ক রিপোর্ট, ঢাকা; শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চশমা হিলের ভবনসহ নগরীর ৮ ভবন লকডাউন করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমি খবরে অন্যদের মতো চশমা হিলও লকডাউন করা হয়।
গতকাল রবিবার (১০ মে ২০২০) রাতে প্রথমবারের মতো টেস্টে চট্টগ্রামের একটি পরীক্ষাগারের ফলাফলে তার শরীরে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আজ দ্বিতীয় টেস্ট করতে দেয়া হয়েছে। রেজাল্ট এখনো আসেনি।
নতুন করে নগরীতে ১১ জন করোনা রোগী শনাক্তের ঘটনায় নগরীর বিভিন্ন এলাকার ৮টি ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন। এরমধ্যে নগরীর চশমা হিলে উপমন্ত্রীর বাসভবনটিও রয়েছে।
এখন থেকে লকডাউন হওয়া ৮টি ভবন সিটিএসবির হেফাজতে থাকবে নিশ্চিত করে সিটিএসবির উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ভবনগুলো থেকে আগামী ১৪ দিন কেউ বাইরে যেতে পারবে না। আবার কেউ ভবনগুলোতে প্রবেশও করতে পারবে না। ভবনের বাসিন্দাদের কিছু প্রয়োজন হলে প্রশাসন তা দেখবাল করবেন।
মহিউদ্দিনের জামাতা চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বলেছেন, সালেহীন স্ত্রী ও সন্তানদের নিয়ে কিছুদিন ঢাকায় ছিলেন। সেখান থেকে ফেরার পর গত বৃহস্পতিবার তার জ্বর আসে। প্রথমবাের নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠালে সেখান থেকে ১০ মে রাতে পজিটিভ রেজাল্ট এসেছে। তাকে আপাতত বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এখন জ্বর নেই। উপসর্গ বেশি দেখা না গেলে বাসায় রেখে চিকিৎসা দেয়া হবে। দ্বিতীয়বার টেস্ট করতে দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ৭৭৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ১৪৭ জন।
আমাদের বাণী ডট কম/১২ মে ২০২০/পিপিএ
