চট্টগ্রাম সংবাদদাতা; চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী এবং শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির মা হাসিনা মহিউদ্দিন এখনো করোনামুক্ত হতে পারেননি। তাঁর তৃতীয় দফার রিপোর্টও পজেটিভ এসেছে।
শনিবার (২৩ মে ২০২০) চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রকাশিত ফলাফলথেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১২ মে বিআইটিআইডিতে তার নমুনা পরীক্ষায় নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তার দুদিন আগে ছেলে সালেহীন করোনা আক্রান্ত হয়। পরে গত ১৬ মে দ্বিতীয় দফার রিপোর্টেও হাসিনা মহিউদ্দিনের পজেটিভ এসেছিল।
জানা যায়, গত ১০ মে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় নগরীর চশমা হিলের তাদের ভবনটি লকডাউন করে দেওয়া হয়। এরপর নওফেলসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। পরে ১২ মে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় তার মা হাসিনা মহিউদ্দিনের করোনা শনাক্ত হয়।
যদিও ওই দিন (১২ মে) হাসিনা মহিউদ্দিনের সন্তান শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল।
