চলতি বছরে শিক্ষাখাতে কী কী উন্নয়ন ও অর্জন হয়েছে সেসম্পর্কে প্রতবিদেন দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে ১৬ সদস্যের কমিটি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশনা জারি করা হয় সম্প্রতি।

নির্দেশনায় বলা হয়েছে, ডা. দীপু মনি ও মহিবুল হাসান চৌধুরী গত ৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০২০ খ্রিষ্টাব্দের ৭ জানুয়ারি এ মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হবে। বছরজুড়ে শিক্ষাক্ষেত্রে তাদের অর্জন সম্পর্কিত বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করার লক্ষ্যে বিভিন্ন দফতর সংস্থার প্রধান ১৬ কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে প্রধান করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. বেলায়েত হোসেন তালুকদারকে। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) চেয়ারম্যান, শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক, ইউনেস্কো জাতীয় কমিশন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন প্রতিনিধিসহ মোট ১৬ জনকে সদস্য করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিকে আগামী ১ সপ্তাহের মধ্যে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর গত এক বছর পূর্তি উপলক্ষে এ বিভাগের অর্জন সম্পর্কিত বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুতপূর্বক শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এ আদেশ জারি করা হয় বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।