চিত্রশিল্পী নাজমা আকতার চিত্রকলায় বিশেষ অবদানের জন্য শিল্পাচার্য স্বর্ণপদক ২০১৮ পেয়েছেন। গত শনিবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ পদক দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

জানা গেছে, শিল্পী নাজমা আকতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষিকতা করছেন। এর আগে তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

এ ছাড়া কবি আবদুল হাই মাশরেকীর ৯৮তম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্জন করেছেন ‘কবি আবদুল হাই মাশরেকী স্বর্ণপদক’। এর আগে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে পেয়েছেন রশীদ চৌধুরী মেমোরিয়াল পুরস্কার।

১৯৮১-৮২ সালে পর পর দুই বছর চিত্র অঙ্কনে অর্জন করেন শ্রেষ্ঠ পুরস্কার।

চিত্রশিল্পী নাজমা আক্তার বিমূর্তধর্মী ছবি আঁকেন। শৈশব-কৈশোর কিংবা তারুণ্যের নানা স্মৃতি, জীবন ও প্রকৃতির নানা বিষয় তুলে আনেন তুলির আঁচড়ে।

জার্মানি, গ্রিস, যুক্তরাজ্য, মালয়েশিয়া, বুলগেরিয়া, ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশে এই শিল্পীর একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া তিনি দেশ-বিদেশে ৩৪টি গ্রুপ চিত্রপ্রদর্শনীতে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, চিত্রশিল্পী নাজমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সহধর্মিণী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।