রুমি নোমান, ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা;  ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের ফেসবুকের নানা ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস ও মন্তব্য নিয়ে আবারো অভিযোগ উঠেছে। এর আগেও ওই শিক্ষকের বিভিন্ন মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ ওঠে। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বর্তমানে আইসিটি বিভাগের শিক্ষক জসিম উদ্দিন। এছাড়া তিনি বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল নেতা।

গতকাল বৃহস্পতিবার সরকার, ছাত্রলীগ ও সরকারের বিভিন্ন মন্ত্রীদের কর্মকান্ড কে কটাক্ষ করে ফেসবুকে করা মন্তব্য সমূহের প্রমাণ সহ উপাচার্য বরাবর অভিযোগ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন সরকার, ছাত্রলীগ, বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে বিভিন্ন ব্যাঙ্গাত্মক মন্তব্য করে আসছেন। এছাড়া তিনি বর্তমান সরকারকে ভোটার বিহীন সরকার হিসেবে উল্লেখ করেছেন, পররাষ্ট্রমন্ত্রীকে পাগলা বলেছেন। এরকম বিভিন্ন স্ট্যাটাসের প্রমাণ উল্লেখপূর্বক তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ কামনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতা কর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলামিন জোয়ার্দ্দার বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের একজন সদস্য হয়েও সরকার, সরকারের বিভিন্ন মন্ত্রী ও ছাত্রলীগকে নিয়ে যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ। আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক-বর্তমান নেতা-কর্মীরা উপাচার্য মহোদয়কে প্রমাণ সহ অভিযোগ দিয়েছি। আশা করি তিনি দ্রুত তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিবেন। যদি এটা তিনি এড়িয়ে যান, তাহলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।

তবে এ বিষয়ে বর্তমান সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, “কে বা কারা কি দাবী দিয়েছে এখনো আমি অবগত নই। আমি খোঁজ খবর নিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় আলোচনা করে করণীয় নির্ধারন করবো।”

এদিকে অভিযুক্ত শিক্ষক জসিম উদদীন বলেন, “বঙ্গবন্ধুর আদর্শে আঘাত করলে কাউকে আমি ছাড় দেই না। আমি কখনোই কোন বিতর্কিত মন্তব্য করিনি। সময়ে সব মুখোশ উম্মোচন হবে একটু অপেক্ষা করুন।

উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, লিখিত অভিযোগটি আমি দেখেছি, আমার গোচরে আছে। আমি বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নিবো।

আমাদের বাণী ডট কম/১৯   জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।