নিজস্ব সংবাদদাতা, সাভার (ঢাকা);  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাব যতোদিন থাকবে সরকার জনসাধারণকে ততোদিন মানবিক ত্রাণ সহায়তা দিয়ে যাবে। ইতোমধ্যে ১ কোটি ৩৬ লাখ পরিবারকে মানবিক ত্রাণ সহযোগিতার আওতায় আনা হয়েছে। যার মাধ্যমে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত, কর্মহীন অসহায় ও দরিদ্র ৫ কোটি মানুষ সরাসরি সরকারের বিশেষ সুবিধা ভোগ করবে।’

গতকাল বুধবার (০৬ মে ২০২০) দুপুরে সাভারের রাজাশন এলাকায় সেন্ট পিটার্স স্কুল ও অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার পিছু আড়াই হাজার টাকা করে ৫০ লাখ পরিবারের জন্য নগদ আর্থিক সহযোগিতা বরাদ্দ করেছেন। আগামী ১২ জুন থেকে এই টাকা উপকারভোগীদের মোবাইল একাউন্টে পৌছে যাবে।’

এ সময় প্রতিমন্ত্রী ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। সেখানে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক কেজি লবন ও একটি সাবান প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক, সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ প্রমুখ।

আমাদের বাণী ডট/০৭ মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।