নিজস্ব সংবাদদাতা, সাতক্ষারী; করোনা ভাইরা্সের মহামারী থেকে রক্ষা পেতে হোম কোয়ারেন্টাইনে থাকা অসহায়, দুস্থ, শ্রমজীবী মানুষের এই কর্মহীন সময়ে বরাদ্দ দিয়েছে সরকার। আর এই সরকারি বরাদ্দের ২৬ বস্তা সরকারি চালসহ জেলায় মুজিবর রহমান সানা (৫৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (০১ এপ্রিল ২০২০) বেলা ১১টার দিকে জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রাম থেকে চালসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুজিবর রহমান সানা (৫৩) বড়দল গ্রামের বাসিন্দা ও বড়দল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বড়দল গ্রামের শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ২৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। ১০ টাকা কেজি দরের এই সরকারি চালগুলো ডিলার মুজিবর সানা ওই বাড়িতে গোপনে মজুদ রাখে।’
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অভিযানের সময় শাহজাহান পালিয়ে যান। তবে গ্রেপ্তার করা হয় ডিলার মুজিবর সানাকে। এ বিষয়ে থানায় মুজিবর সানা ও শাহজাহানের নামে মামলা হয়েছে।
সাতক্ষীরা জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ১০ টাকা কেজি দরের চাল বিতরণের শেষ দিন ছিল গতকাল।
আমাদের বাণী ডট কম/০১ এপ্রিল ২০২০/পিএ
