সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পিকআপ ভ্যান ও মাইক্রোবাস সংঘর্ষে সড়কেই তিনজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২২ মে ২০২০) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুরের মতলবের রফিকুল ইসলাম, গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মাহাদীপুরের মিন্টু মিয়া ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সকালে সানারপাড় এলাকা দিয়ে একটি পিকআপ ভ্যান ও ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এসময় মাইক্রোবাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে পিকআপে থাকা তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আমাদের বাণী ডট/২২ মে ২০২০/পিবিএ
