চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ ২ জন নিহত হবার খবর পাওয়া গেছে। আজ শনিবার (১১ জানুয়ারী, ২০২০) ভোর পাঁচ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন। তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির প্রটোকলের দায়িত্ব পালন করতেন বলে জানা যায় । আর অন্যজনের নাম শহিদুল ইসলাম (২৭)। দুজনের বাড়ি কুমিল্লায়।
একই জায়গায় বিদায়ী বছরের ২৮ ডিসেম্বর লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে মো. সাইফুজ্জামান নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও তাঁর দুই মেয়ে নিহত হয়েছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছিলেন তাঁর স্ত্রী ও একমাত্র ছেলে। এর পর আবারও নিহত হয় একজন বৃদ্ধা ও গাড়ির চালক।
পুলিশ জানায়, ভোরে মোটসাইকেল যোগে তারা চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। এসময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরতর আহত হন দুইজন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
সকাল আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা যায় ।
