নীলফামারীর সৈয়দপুর শহরের দুর্গামিল উর্দুভাষী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২৭টি পরিবারের ২৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ কোটি টাকা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বুধবার বেলা ৩টার দিকে শহরের শহীদ জহুরুল হক সড়কের দূর্গামিল উর্দুভাষী ক্যাম্পের চুন্ন মিয়ার বাড়ীর রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত।
ক্যাম্পটি ঘনবসতি হওয়ায় দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ২৭টি বাড়ি ভস্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সৈয়দপুর, তারাগঞ্জ ও উত্তরা ইপিজেডের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ২৭ পরিবারের ২৭টি ঘর আগুনে পুড়ে যায়।
এ ঘটনায় সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নওশাদ হোসেনের বিয়ের আয়োজন চলছিল। কাল শুক্রবার তার ছিল বিয়ে। এ বিয়ের কাপড়-চোপড়, গহনা ও নগদ ৫ লাখ টাকা পুড়ে গেছে।
জানতে চাইলে সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান খোকন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। ক্যাম্পে কাঁচা বাড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
