জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা; শিল্প ও বাণিজ্য প্রধান সৈয়দপুর শহরে করোনার নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এ মানববন্ধন করা হয়।

সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার  বেলা ১২টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কাউটস ক্লাবের সদস্যসহ শহরের বিপুল সংখ্যক মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশ নেন। এ সময় সৈয়দপুরে করোনার নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে ব্যানার প্রদর্শন করা হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য বলেন পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের সহ-সভাপতি মাসুদ রানা খান বাবু, সাধারণ সম্পাদক এসকে কাইয়ুম, পূবালী স্কাউটসের প্রতিষ্ঠাতা ও গ্রুপ লিডার নজরুল ইসলাম বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আলো ও রাশেদুল ইসলাম জাস্টিস।

বক্তারা বলেন, সৈয়দপুর একটি ঘনবসতিপূর্ণ উপজেলা শহর। এ শহরে সরকারি-বেসরকারি শিল্প কারখানাসহ বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ কর্মরত। ফলে এ উপজেলার বিপুল জনগোষ্ঠীসহ স্থানীয় অর্থনীতি সচল রাখতে সৈয়দপুরে পিসিআর ল্যাব স্থাপন জরুরী হয়ে পড়েছে।

বক্তারা অবিলম্বে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান। পরে পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাব নেতৃবৃন্দ পিসিআর ল্যাব স্থাপনের দাবি সম্বলিত একটি স্মারকলিপি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদের হাতে হস্তান্তর করেন।

আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।