আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁয়ে অবস্থিত পোশাক প্রস্ততকারক বেশ কয়েকটি গার্মেন্ট ফ্যাক্টরি অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। তবে এ অভিযানে কাউকে কোন জরিমানা না করে সবাইকে আরো বেশী সচেতন হওয়ার আহবান জানান তিনি।
করোনা প্রাদুর্ভাবে সীমিত পরিসরে চালু হওয়া উপজেলার চৈতী কম্পোজিট গার্মেন্টস ফ্যাক্টরিতে সরকারী স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা তদারকি করতে অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল-মামুন বলেন, অদৃশ্য দানব করোনা ভাইরাস থেকে বাচঁতে যেহেতু এখনো পর্যন্ত কোনো ঔষুধ আবিস্কৃত হয়নি তাই এ সঙ্কটময় মুহুর্তে সচেতনতাই একটি বড় ভ্যাকসিন।তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। কেননা এ মুহুর্তে সচেতনতাই পারে আমাদেরকে করোনা থেকে রক্ষা করতে।
এ সময় ফ্যাক্টরীতে চালু হওয়া দুটি ফ্লোর পরিদর্শন করে কর্তৃপক্ষকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আরো বেশী মনোযোগী ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে এক টেবিলে একের অধিক মানুষ না বসা, একজন থেকে অপরজনের কমপক্ষে তিন ফুট দুরত্ব বজায় রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাজ্জাদুল হাসানের নেতৃত্বে ৪৫ এলএলআরএস’র একটি ব্যাটালিয়ন দল, চৈতী গ্রুপ ডাইরেক্টর মেজর মেজবাউল আলম ও জিএম মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা।
উল্লেখ্য, গার্মেন্টস ফ্যাক্টরীগুলোতে শ্রমিকদের নিরাপত্তা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে।
আমাদের বাণী ডট কম/৩০ এপ্রিল ২০২০/পিপিএ
