প্রধান শিক্ষকদের ১০ গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১গ্রেড আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।

শুক্রবাররাজধানীর বংশালে অনুষ্ঠিত পরিষদের নীতি নির্ধারণী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় সংগঠনের জেলা প্রতিনিধিদের সভা আহবান করা হয়েছে। আর পরদিন ৩০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক মোঃ আনিসুর রহমান জানান, বৈঠকে শিক্ষক নেতারা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত রাখার ব্যাপারে অনড় অবস্থান ব্যক্ত করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এছাড়া বিদ্যালয়ের সময়সূচি এবং শ্রান্ত-বিনোদন নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন ঐক্য পরিষদ নেতারা। পাশাপাশি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেষ্টাও চলছে। ঐক্য পরিষদকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করছে তাদের সংগঠন। আগামীতে দাবি আদায়ে আরও গতিশীল ভূমিকা রাখবে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ ।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ প্রধান মুখপাত্র মোঃ বদরুল আলম মুকুল জানান, যে সকল উপজেলা ও জেলায় ঐক্য পরিষদের কমিটি গঠিত হয়নি তাদেরকে আগামী ২০ জানুয়ারির মধ্যে কমিটি গঠনের কথা বলা হয়েছে। আর আগামী ২৯ ডিসেম্বর জেলা প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সভা আহ্বান করা হয়েছে। রাজধানীর বংশালে ওইদিন সকালে নজরুল ইসলাম মিলনায়তন এই সভা অনুষ্ঠিত হবে।

সেই সভার আলোচনার ভিত্তিতে ৩০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী বছর মুজিব বর্ষে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের সুখবর পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া শিক্ষকদেরকে উদ্বুদ্ধ করতে প্রতিটি বিভাগে সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।