বাড়ির আঙিনায় চলছিল ওয়াজ মাহফিল। সেখানে বসা খেলনা, খাবারেরসহ বিভিন্ন দোকান দেখতে এসেছিল একটি ছোট্ট শিশু। শিশুটিকে একা পেয়ে খাবার কিনে দেওয়ার কথা বলে অনুষ্ঠানস্থল থেকে কিছুটা দূরে নিয়ে যান এলাকার শাকিল (২০) নামের এক তরুণ।
সেখানে খাবার না পেয়ে শিশুটি ফিরে আসতে চায়। কিন্তু শাকিল তাকে জোর করে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার করলেও ওয়াজ মাহফিলে ব্যবহৃত মাইকের তীব্র শব্দের কারণে তা শুনতে পায়নি কেউ। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ কুমিরমারা গ্রামে গত শুক্রবার রাত ৯টার দিকে।
নির্যাতিত শিশুটি (৪) কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত শাকিল কালিকাপ্রসাদ কুমিরমারা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। শাকিল পলাতক। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর অসুস্থ শিশুটি শাকিলের নানি খোদেজা বেগমের কাছে গেলে তিনি বিচার করবেন বলে আশ্বাস দেন।
খবর পেয়ে ভুক্তভোগীর পরিবার তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়ে পুলিশে খবর দেন। পরে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন হাসপাতালে গিয়ে ভুক্তভোগীকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী শাকিলকে আটক করে।
পরে শাকিলের নানা গোলাপ মিয়া এসে তাৎক্ষণিক শাকিলকে ছাড়িয়ে নিয়ে যান এবং এ নিয়ে বাড়াবাড়ি না করতে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেন।
