নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। নতুন করে আরও ১ জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২১ জনে।
আজ বৃহস্পতিবার (০ ৯ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। এ সময় সামগ্রিক বিষয় নিয়ে আলোকপাত করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ এর প্রতিনিধি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ সানিয়া তাহমিনা ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা।
চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৮৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে সাড়ে ১৫ লাখ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকারের দিকে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংক্রমণ দিনে দিনে দিগুনের বেশি আক্রান্ত হওয়ায় ও মৃতের সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত টানা দুই মাস বন্ধের পরিকল্পনা করেছে সরকার। এই বন্ধ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও দুই একদিনের মধ্যে এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সরকারের শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বদোন কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ৮৮ হাজার ৫০২ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭১৯ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৪ লাখ ৩১ হাজার ৮৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৬৮ জনের। তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন। মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২২০ জন।
আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/আরভিএ
