সুজন ভট্টাচার্য, ব্যুরো প্রধান, চট্টগ্রাম; করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো. দাউদুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন ২০২০)  রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন।

  • বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার পাওয়া করোনা প্রতিবেদনে বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এবং শহরের বেসরকারি হাসপাতাল হিলভিউর মেডিকেল আবাসিক কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ জন।

গত ১৬ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বান্দরবানের প্রথম করোনা পরীক্ষা শুরু হয়। বান্দরবান জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৭৮ জন। করোনায় মারা গেছেন একজন। করোনার ১৫০৮ নমুনা পরীক্ষার মধ্যে ৫৮৪টির প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৮ জন।

আমাদের বাণী ডট কম/১২ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।