নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শহিদুল ইসলাম খান রিপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ শুক্রবার (১৫ মে ২০২০)  রাত সাড়ে ৮টায় রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হছে বলে জানিয়েছেন রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ও প্রিন্সিপাল অফিসার এহতেশামুজ্জামান। নিহত সহিদুল ইসলাম রূপালী ব্যাংকের প্রধান কার‌্যালয়ে কর্মরত ছিলেন।

এহতেশামুজ্জামান জানান, কিছুদিন আগে করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাসাতেই আইসোলেশনে ছিলেন সহিদুল ইসলাম। পরে অবস্থার অবনতি হলে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত এই কর্মকর্তা স্ত্রী ও ছেলেমেয়েসহ রাজধানীর বাসাবোতে থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

রূপালী ব্যাংকে এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশোনা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

এর আগে ১২ মে করোনায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদ নামে দ্য সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু হয়। তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তারও আগে গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় আট হাজার ৫৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬০ হাজার ৫১২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮৮২ জন।  গতকাল সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২৪২ জন

আমাদের বাণী ডট/১৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।