নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ব্যবহৃত টিস্যু বক্সে ছাপানো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি । এই টিস্যু পেপারগুলো ব্যবহার করবেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) সহ সব পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, সাত-আটমাস আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ( মাউশি) তাদের লোগো ব্যবহার করে এক হাজার  টিস্যু বক্স তৈরি করার সিদ্ধান্ত নেয়। সেভাবেই এসএমএস টেকনলোজিস নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। কিন্তু শিক্ষা অধিদপ্তরের  দুইজন শিবিরন্থী উপপরিচালক টিস্যুবক্সে অধিদপ্তরের লোগোর পাশাপাশি বঙ্গবন্ধুর ছবিও জুড়ে দেয় টিস্যু বক্সে। শুধু তাই নয়, সেই টিস্যু বক্সের দামও ধরা হয় অনেক বেশি। প্রতিটি টিস্যু বক্সের দাম ধরা হয়েছে ৫৬ টাকা। যা বাজারে পাইকারি দরে ত্রিশ টাকায় পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত এই এক হাজার প্রশ্নবিদ্ধ টিস্যু বক্স এখন শিক্ষা ভবনের মূল ভবনের নীচ তলার স্টোর রুমে রাখা হয়েছে। মুজিববর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির ছবি ছাপানো টিস্যুবক্স কর্মকর্তাদের টেবিলে-টেবিলে দেয়াটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও আছে প্রশ্ন।

এ বিষয়ে জানতে মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো’ গোলাম ফারুককে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, এর আগে ২০১৭ খ্রিষ্টাব্দের ১৮ ডিসেম্বর আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাধীনতার ছেচল্লিশতম বিজয় দিবস উদযাপন উপলক্ষে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সামনে একটি কেক রাখা হয়। যা বানানো হয় জাতীয় পতাকার আদলে। জাতীয় পতাকার ওপর ছুড়ি চালাতে পারবেন না বলে কেক না কেটে সেই স্থান ত্যাগ করেন নুরুল ইসলাম নাহিদ। সেই সময় এই ঘটনা নিয়েও হয়েছিল হৈচৈ।

আমাদের বাণী ডট কম/ ০৫ মার্চ ২০২০/সিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।