নিজস্ব সংবাদদাতা, নীলফামারী; জেলার জলঢাকা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত এক মাদরাসা শিক্ষক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২০) জেলা সদর জেনারেল হাসপাতালের আইসোলেশনে ১৭ দিন থাকার পর তিনি বাড়ি ফেরেন।
করোনা জয়ী ওই মাদ্রাসা শিক্ষকের নাম শামীম নেওয়াজ হাফিজ। তিনি উপজেলার পূর্ব বালাগ্রাম ছকিনিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক।
এ নিয়ে জলঢাকা উপজেলায় করোনায় আক্রান্ত ৭ জনের মধ্যে ১ জন মারা যান এবং ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বিষয়টি নিশ্চিত করেছেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবীর।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩-এ।
আমাদের বাণী ডট/১৪ মে ২০২০/পিবিএ
