হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার দৌলতপুর উপজেলায় পরীক্ষায় ফেল করায় সোনিয়া খাতুন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২০) সকালে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে এ ঘটনা ঘটেছে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এসএসসি পরীক্ষার্থী সোনিয়া খাতুন একই গ্রামের সাইফুল ইসলামে মেয়ে।
স্থানীয়রা জানায়, সোনিয়া খাতুন স্কুলের মেধাবী ছাত্রী হওয়া সত্বেও সে এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফেল করে। পরীক্ষায় ফেল করায় ক্ষোভে ও অভিমানে আজ ভোররাতে নিজ ঘরে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন ঘরে তার মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশী ও পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে সোনিয়ার মরদেহ প্রদান করে দৌলতপুর থানা পুলিশ। পরে পরিবারের লোকজন সোনিয়া খাতুনের মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
দৌলতপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে ঐ শিক্ষার্থী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।
আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ
