কেরানীগঞ্জে প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ৯ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাহজুল ইসলাম সাজু (১৯) নামের আরো একজন।
শনিবার ভোর সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জনের মৃত্যু হলো।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলার ব্রাহ্মহ্মণডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে সাহজুল। থাকতেন কেরানীগঞ্জ জিনজিরা আরিমারাবাদ এলাকায়। দুই ভাই এক বোনের মধ্যে দ্বিতীয় সে।
ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা: সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে জানান, সাহজুলের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। অগ্নিকাণ্ডের পর থেকে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানায় আগুন লাগে। এ ঘটনায় ৩২ জনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ ব্যক্তিদের বেশির ভাগেরই শরীরের ৫০-৮০ শতাংই পুড়ে গিয়েছিল।
