নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি; প্রাণঘাতি করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ার ১০ ঘণ্টা পর এক মারমা যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সাজাই র্মামা (৩০)। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তিনি।
গতকাল বুধবার (২৫ মার্চ ২০২০) রাত পৌনে ৯টার দিকে ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সাজন ডা. নুপুর কান্তি দাশ।
এসময় ওই রোগীর চিকিৎসা সেবা প্রদানকারী ১ চিকিৎসক, ২ নাস ও ১ আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা জানান, গতকাল বুধবার দুপুর ২টার দিকে ৩০ বছর বয়সী এক পাহাড়ী যুবক শ্বাসকষ্ট, গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসলে লক্ষণ দেখে চিকিৎসক তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখার সিদ্ধান্ত নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে ওই মারমা যুবকের লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় নিহত ব্যক্তি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকসহ, ২ নার্স ও ১ আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি বলেন, নিহত ব্যক্তি দিন মজুরী পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে স্বজনরা। মরদেহ যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নিহতের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে আমাদের বাণী ডট কম এর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ীকরোনার লক্ষণ ও উপসর্গ নিয়ে মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ: জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুর পর মানিকগঞ্জে এক ব্যক্তিকে দাফনের পর একটি গ্রামকে লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে ওই গ্রামে ছয়টি বাড়ির ২৬ সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিবচর (মাদারীপুর): ঢাকার আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শিবচরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ইতালিফেরত এক প্রবাসীর বাবা। ওই প্রবাসীর স্ত্রী, দুই সন্তান, শাশুড়িসহ পরিবারের আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): সর্দি-কাশি ও জ্বরে এক নারীর (৫৫) মৃত্যু হওয়ায় করোনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের সীতাকু-ে। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দীন বলেন, ওই নারী হার্টের রোগী ছিলেন। তার মায়ের ছিল শ্বাসকষ্ট। বৃদ্ধা মায়ের সেবা করতে গিয়েই সম্ভবত তিনি অসুস্থ হয়ে পড়েন। তারা কেউই করোনায় আক্রান্ত ছিলেন না। এর পরও সন্দেহ থাকায় তার স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
সিলেট: হোম কোয়ারেন্টিনে থাকা সিলেটের এক বৃদ্ধ (৬৫) মারা গেছেন। মঙ্গলবার রাতে নিজ বাসায় তার মৃত্যু হয়। নগরের হাউজিং এস্টেট এলাকার ওই বাসিন্দা দেশে থাকলেও তার ছেলে সপ্তাহখানেক আগে যুক্তরাজ্য থেকে দেশে এসেছিলেন বলে জানা যায়।
রাজশাহী: করোনা ভাইরাস পরীক্ষার আগেই জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে ৪৬ বছর বয়সী ওই নারী মারা যান।
এ ছাড়া কক্সবাজারে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা লকডাউন করা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে গতকাল সকাল থেকে লকডাউন করা হয়েছে নীলফামারীর সৈয়দপুর শহর। রাজশাহী দুর্গাপুর, কুষ্টিয়ার খোকসা, খুলনা, সাতক্ষীরার কলারোয়া, রাজবাড়ীর বালিয়াকান্দি, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্ধ করে দেওয়া হয়েছে সব মার্কেট ও দোকানপাট। কোনো প্রয়োজন ছাড়া স্থানীয়দের বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো পাঁচজনে। আর নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩৯ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। গতকাল বুধবার (২৫ মার্চ ২০২০) বেলা ১২টা ১০ মিনিটে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী আক্রান্ত হয়নি। তবে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স (৬৫), পুরুষ। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গ্রামের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। সেখান থেকে তাকে ঢাকা আনা হয়েছিলো। বুধবার সকালে তার মৃত্যু হয়েছে।
আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/টিএ
