নিজস্ব সংবাদদাতা, বরিশাল; জেলার গৌরনদী উপজেলায় করোনাভাইরাস সম্পর্কে মসজিদের মাইকে ও ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে স্থানীয় প্রশাসনের অভিযানে আটক মসজিদের দুই ইমাম ও ২ শিক্ষকসহ ৬ জনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার ( ০১ এপ্রিল ২০২০) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড ঘোষণা করেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার পর আটককৃকতরা মাইকিং করে এবং ফেসবুকে করোনা সম্পর্কে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। মাইকে এবং ফেসবুকে তারা উল্লেখ করেন, ‘মঙ্গলবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যাবেন না, করোনাভাইরাস নির্মূলে হেলিকপ্টারযোগে স্প্রে করা হবে। এই সময়ে ঘরের বাইরে কোন কাপড়-চোপড় থাকলে তাও দ্রুত ঘরে নিয়ে যান।’
বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে ওই রাতেই অভিযানে নামেন তারা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযুক্ত ৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ ইমাম এবং অবসরপ্রাপ্ত সার্জেন্টকে মসদিজের মাইকে করোনা সম্পর্কে গুজব সৃষ্টির অভিযোগে এবং অপর ৩ জনকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়।
এরা হলো গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার, বানিয়াছড়ি মসজিদের ইমাম আব্দুল কাদের, উত্তর বিজয়পুর মসজিদের ইমাম হাসান আল-মামুন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথ। এদের মধ্যে ২ জন ইমাম ও অবসরপ্রাপ্ত সার্জেন্টকে মসদিজের মাইকে করোনা সম্পর্কে গুজব সৃষ্টির অভিযোগে এবং অপর ৩ জনকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়।
আজ বুধবার দুপুরে গৌরনদী থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গুজব সৃষ্টির দায়ে ওই ৬ জনের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, আটককৃতরা মানুষের মাঝে করোনা সম্পর্কে নেতিবাচক খবর ছড়াচ্ছিলো। এই অভিযোগে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট -জরিমানা করেন।
উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। ভাইরাসটি থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও একজন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২৬ জন। আজ বুধবার (০১ এপ্রিল ২০২০) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।
আমাদের বাণী ডট কম/০১ এপ্রিল ২০২০/পিএ
